বাংলাদেশ গেমস ফুটবলে থুইনুর ট্রিপল হ্যাটট্রিক

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন যেকয়টি ভেন্যু আছে সবগুলো পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে। নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন হয়েছে বৃস্পতিবার। তার আগেই একাধিক খেলা শুরু হয়েছে। তবে উদ্বোধনের পর গতকাল হতে পালাক্রমে সব খেলা শুরু হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা এখন খেলার লড়াইয়ে ব্যস্ত।  

থুইনুর ট্রিপল হ্যাটট্রিক

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসের নারী ফুটবলের প্রথম ম্যাচে আনসার ভিডিপি ১৭-০ গোলে খুলনাকে উড়িয়ে দিয়েছে। আনসার ভিডিপির থুইনু ১০টি, লিডা ৩টি গোল করেন। মুনকি, রুপা আক্তার, সিরাত সাবরিন ও শিরিন আক্তার একটি করে গোল করেন।

দ্বিতীয় খেলায় রাজশাহী জেলা ৭-১ গোলে ময়মনসিংহ জেলাকে হারায়। রাজশাহীর সংক্রান্তি বালা ও শাহিনা আক্তার ২টি করে এবং সুমাইয়া আক্তার, শ্রীমতি কর্ণফুলী ও নিপা রানী ১টি করে গোল করেন। মেয়েদের ফুটবলে দুই গ্রুপে ৮ দল অংশ নিচ্ছে। ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি এবং মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।

জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে গেমসের বডি বিল্ডিংয়ের পুরুষ জুনিয়র ওপেন বিভাগে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। গ্যালাক্সি জিমের রেদোয়ান রূপা এবং বাংলাদেশ বডিবিল্ডিংয়ের হযরত আলী অনিক ব্রোঞ্জ জয় করেন।

অ্যাথলেটিকসে প্রথম সোনার পদক ফরিদ মিয়ার

বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকসে প্রথম সোনা জিতেছেন সেনাবাহিনীর ফরিদ মিয়া। পুরুষ ম্যারাথনে ফরিদ মিয়া সময় নিয়েছেন দুই ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। রূপার পদক জিতেছেন সেনাবাহিনীর ফিরোজ খান।

হাইজাম্পে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেনাবাহিনীর রিতু আক্তার স্বর্ণপদক জয় করেন।

ফুটবলে কুমিল্লা জিতেছে

কুমিল্লা প্রতিনিধি

গতকাল কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ এর ফুটবলের প্রথম ম্যাচে সাতক্ষীরা ও কক্সবাজার জেলা ২-২ গোলে ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ২-১ গোলে হারায় রংপুর জেলাকে।

রাজশাহীতে টেনিস শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বাংলাদেশ গেমসের টেনিস গতকাল রাজশাহীতে শুরু হয়েছে। বিকালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দেশের ২৫ জন মেয়ে খেলোয়াড়সহ মোট ১২৪ খেলোয়াড় অংশ নিচ্ছেন।