মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস জন্সটন’ এর ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে আবারও শনাক্ত করা হয়েছে। সম্প্রতি একজন মেরিন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে বিশেষ যানে করে ফিলিপাইন সাগরের গভীরে অভিযানে যান ভিক্টর ভেসকোবো নামের এক বিজ্ঞানী। সেখানে গিয়ে তিনি জাহাজটির ভিডিও ধারণ করেন। আজ শুক্রবার (২ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে বিবিসি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালে সেমার যুদ্ধে জাপানি যুদ্ধজাহাজের আক্রমণে ধ্বংস হয় ১১৫ মিটার দৈর্ঘ্যের মার্কিন জাহাজটি। এরপরই এটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ২০১৯ সালে ইউএসএস জন্সটনকে প্রথম শনাক্ত করা হয়েছিল। বর্তমানে জাহাজটির অবস্থান ফিলিপাইন সাগরের ৬ হাজার ৪৫৬ মিটার গভীরে। সেখানে বেশ কয়েক ঘণ্টা অবস্থান করেন তারা।
ভিক্টর ভেসকোবো বিবিসিকে বলেন, জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্রের অনেক গভীরে থাকায় সেখানে অক্সিজেনের প্রভাব খুবই কম। সেখানে সামুদ্রিক জীবনের কিছুটা দূষণও রয়েছে। লড়াইয়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা বাদে জাহাজটির বাকি অংশ উল্লেখযোগ্যভাবে এখনো অক্ষত।
অবশ্য বিশেষ সামুদ্রিক যানটি যতটুকু গভীর পর্যন্ত পৌঁছাতে পেরেছে, জাহাজটির ধ্বংসাবশেষের অনেকটা আরো অনেক গভীরে ছিল। সে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কেবল অল্প কিছু অংশের ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছে এই বিজ্ঞানী।
বিশেষ যানটি এতটাই ছোট যে সেটিতে মাত্র দুইজন মানুষের কোনোরকম জায়গা হয়। এটি সমুদ্রের অনেক গভীরে পর্যন্ত যেতে পারে।
ইত্তেফাক/টিএ
