মোহাম্মদ নাসিমের জন্মদিন পালিত

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মদিন গতকাল শুক্রবার স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে ও বিকালে বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের সদস্যরা মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তন্ময় মনসুর। বাদ আছর সোবহানবাগে ডেল্টা ছাত্রাবাস অডিটরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন দয়াল, কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাদু, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সোবহানবাগ মসজিদের মোয়াজ্জেম আব্দুল হান্নান। মোহাম্মদ নাসিমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে রাজধানীর কয়েকটি স্থানে দরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া সিরাজগঞ্জের কাজীপুরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাত্ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।