আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মো. মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার রাতে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী এমরান আহমেদ তাকে পুরস্কার তুলে দেন। ওকাপ চেয়ারম্যান সাকিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী। প্রসঙ্গত, অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আট জন জাতীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। সাংবাদিক মাসুম বিল্লাহ দীর্ঘ দিন ধরে দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা হিসেবে কর্মরত। সেই সঙ্গে তিনি আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। পুরস্কার পাওয়ায় তাকে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন ও প্রেস ক্লাবের সদস্যরা অভিনন্দন জানান।
