বিমানবন্দরে ৭০ লাখ টাকার সোনাসহ বিমানকর্মী আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ লাখ টাকার সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত। গতকাল শুক্রবার দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (নম্বর বিজি ৫০৪৬) থেকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তারা জানতে পারেন দুবাই থেকে আসা একটি ফ্লাইটে সোনার চোরাচালান আসছে। পরে বিমান বাংলাদেশের বিমানটি তল্লাশি করার সময় এর ভেতরে থাকা ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি আসনের হাতলে সোনা থাকার বিষয়ে স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ২১ নম্বর আসনের হাতলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুক্কায়িত ১ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। চোরাচালানের অভিযোগে আটককৃত বিমানকর্মীকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আটককৃত কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।