চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতে প্রাণ গেলো এক বিদ্যুৎ শ্রমিকের। রবিবার সন্ধ্যা ৬টায় নাচোল টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে বিদ্যুতের সঞ্চালন লাইন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রফিকুল ইসলাম রফিক (২৬)। তার বাড়ি জামালপুর সদর উপজেলার বেলটিয়া গ্রামে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্টোর কিপার ইসলাম উদ্দিন নেসকোর গোমস্তাপুর সার্কেল অফিসকে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করার জন্য অনুরোধ করেন। সংযোগ বন্ধ হলে বিদ্যুৎ শ্রমিক রফিক লাইন মেরামতের জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন। কিন্তু আকস্মিক বিদ্যুৎ সংযোগ চালু হলে রফিক বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। অন্য শ্রমিকরা দ্রুত তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভুল ফিডারে শাটডাউন চাওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে।’
আরো পড়ুন: আখ বিক্রির টাকা না পেয়ে বিপাকে চাষীরা
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।’
ইত্তেফাক/অনি/নূহু
