বুড়িমারীতে গত বছরের ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজবে এক জনকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার মামলায় বুড়িমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউপি সদস্য ঐ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। হাফিজুলকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গত ২৯ অক্টোবর বিকালে বুড়িমারী বাজার জামে মসজিদে কোরআন অবমাননার গুজবে রংপুরের বাসিন্দা আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে উত্তেজিত জনতা মারধর করতে থাকে। ঘটনার সময় ইউপি সদস্য হাফিজুল ইসলাম মসজিদের বারান্দা থেকে জুয়েল ও তার বন্ধু সুলতান আব্বাসকে বুড়িমারী ইউনিয়ন পরিষদে নিয়ে যান। তিনি প্রশাসনকে না জানিয়ে নিজেই বিচার করতে যান। পরে ঐ পরিষদ ভবনে জুয়েলকে পিটিয়ে হত্যার পর সন্ধ্যায় মরদেহ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় গত বছরের ৩১ অক্টোবর তিনটি পৃথক মামলা হয়। তিন মামলায় ১১৪ জন নামীয় আসামিসহ অজ্ঞাত শত শত ব্যক্তিদের আসামি করা হয়। পরদিন থেকে ঐ ইউপি সদস্য আত্মগোপনে ছিলেন।
