চকরিয়ায় ‘ঘুষখোর’ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ২

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৩৭

কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুষ লেনদেনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঐ কার্যালয় থেকে নগদ প্রায় সাড়ে ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া সাব-রেজিস্ট্রারসহ দুই কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার গুরুদাশপুর এলাকার মো. মোজাম্মেল হকের পুত্র। অফিস সহকারী দুর্জয় কান্তি পাল কক্সবাজার সদরের খুরুশ্কুলের মধুরামের পুত্র। এছাড়া অভিযানের সময় একজন অফিস সহকারী পালিয়ে যান। তার নাম শ্যামল বড়ুয়া, তিনি কক্সবাজার শহরের মোহাজের পাড়ার দীনবন্ধুর পুত্র।

দুদকের অভিযান টিমের সদস্যরা বলেছেন, উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে ঘুষের লেনদেন হয়ে আসছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ছদ্মবেশে দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ভুক্তভোগী রশিদ আহমদ নামের এক ব্যক্তির মাধ্যমে দুদক কর্মকর্তারা কৌশলে দলিল রেজিস্ট্রেশন বাবদ অফিসের সংশ্লিষ্ট কর্মচারীর ঘুষ দাবির বিষয়টি যাচাই করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া থানা পুলিশের সহায়তায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালায় দুদক।

অভিযানে নেতৃত্বে দেওয়া দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ঐ কার্যালয় থেকে ঘুষের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. জুবায়ের বলেন, অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।