করোনা ভাইরাসের সংক্রমণ হঠাত্ করে বেড়ে যাওয়ায় দেশের দ্বিতীয় আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বা বিশ্ব ঐতিহ্য এলাকা হজরত খানজাহানের (র.) অমর সৃষ্টি বাগেরহাটের ষাটগুম্বুজ মসজিদ, জাদুঘর ও হজরত খানজাহানের মাজার শরিফ ও অপর বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে দেশি-বিদেশি সব ধরনের পর্যটকদের আগমন নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নির্দেশে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এসব ট্যুরিস্ট স্পটে পর্যটকদের আগমন নিষিদ্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন সুন্দরবন বিভাগ ও বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ।
শুক্রবার দুপুরে বিশ্ব ঐতিহ্য এলাকা ষাটগুম্বুজ মসজিদ, জাদুঘর ও হজরত খানজাহানের মাজার শরিফে গিয়ে দেখা গেছে দেশি-বিদেশি সব ধরনের পর্যটক আগমন নিষিদ্ধ ঘোষণা করে গেটে বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ পাহারা বসিয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই দুটি ট্যুরিস্ট স্পটে সরকারের নির্দেশে পর্যটকদের আগমন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন হজরত খানজাহানের মাজার শরিফের প্রধান খাদেম ফকির পির আলী ও বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ।
অন্যদিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন সন্ধ্যায় জানান, ট্যুরিস্ট স্পট করমজল, হারবাড়িয়া, কটকা-কচিখালী, হিরন পয়েন্ট, দুবলা, টাইগার পয়েন্টসহ গোটা সুন্দরবনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটন বন্ধের নির্দেশ দিয়েছে বন অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় বন অধিদপ্তর থেকে এমন নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এই বন কর্মকর্তা আরো জানান, ৩ এপ্রিল থেকে গোটা সুন্দরবনে দেশি-বিদেশি কোনো পর্যটককে ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে রয়েছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে সুন্দরবন থেকে রেব করে নিয়ে আসা হবে।
