বছরের শুরুতেই সঙ্গীতাঙ্গনের বড় শোক ছিল গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের চলে যাওয়া। গতবছরের শেষটাও হয়েছে কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার শোক দিয়ে। পরপর এই দু’জনের চলে যাওয়া শুধু সঙ্গীতাঙ্গনের জন্যই নয়, ভক্তদের জন্য ব্যথিত সংবাদ। এবার তাদের স্মরণে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে গানের অনুষ্ঠান। শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে একসঙ্গে ৩০ হাজার কণ্ঠ ও কয়েকশ’ গিটারের তালে মেতে উঠবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ আশুলিয়ার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চুর স্মরণে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো এই আয়োজনে গাওয়া হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সবাই উপস্থিত থাকবেন।
