প্রতীকের ধ্রুপদী সঙ্গীত অ্যালবাম

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:২১

 

 

ধ্রুপদী সঙ্গীতের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট ফ্রান্সিস গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে। গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানটি ছিল মূলত জোহান প্রতীক রোজারিওর ‘জার্নি বিগিনস উইথ ক্লাসিক্যাল মিউজিক’ শীর্ষক একক খেয়াল অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের সঙ্গীত বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক অণিমা রায় এবং শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ঊষা রহমান। অনুষ্ঠানে প্রতীক কলাবতী রাগের ওপর খেয়াল, যত্ তালের ওপর ঠুমরী, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের রাগাশ্রয়ী গান ও গজল পরিবেশন করেন। কিশোর একটি ছেলে শাস্ত্রীয় সঙ্গীতের এ উচ্চমার্গীয় বিষয়টি যেভাবে রপ্ত করে পরিবেশন করেছেন তাতে মিলনায়তনে উপস্থিত দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। গায়কের যন্ত্র সহায়তায় ছিলেন এস্রাজে অসিত বিশ্বাস, তবলায় সুব্রত মদক এবং হারমোনিয়ামে ছিলেন শিল্পীর শাস্ত্রীয় সঙ্গীতের গুরু স্বপন কুমার বিশ্বাস।