রয়টার্স
সোমালিয়ার সেনাবাহিনীর দুটি ঘাঁটিতে গতকাল শনিবার ইসলামপন্থি জঙ্গি দল আল শাবাব হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষই হতাহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঐ সেনাঘাঁটি দুটিতে প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে। হামলার পর রাজধানী থেকে সেনাদের একটি গাড়িবহর ঐ সেনাঘাঁটিগুলোতে যাওয়ার সময় তৃতীয় বিস্ফোরণের শিকার হয়। হুসাইন নূর নামে এক সেনা কর্মকর্তা বলেন, ‘বারির ও আউদাই সেনাঘাঁটিতে হামলায় আমরা সেনাবাহিনীর বেশ কয়েক জন সদস্যকে হারিয়েছি।’ তবে ঠিক কত জন হতাহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তিনি বলেন, ‘সেনাবাহিনী এখন উভয় ঘাঁটি ও তার আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। জঙ্গিদের ধরতে আমরা চারপাশের জঙ্গলে অভিযান চালাচ্ছি।’
এদিকে আল শাবাবের পক্ষ থেকে বলা হয়, প্রথমে তারা বারির ঘাঁটিতে গাড়িবোমা হামলা চালায়। প্রায় একই সময়ে কাছের আউদাই ঘাঁটিতে গাড়িবোমা হামলার পর আল শাবাব যোদ্ধারা বন্দুক হাতে হামলা চালায়।
