মনোহরগঞ্জ-লক্ষণপুর সড়ক বেহাল

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৮

আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর থেকে লক্ষণপুর যাতায়াতের সড়কটি বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত ও কার্পেটিং উঠে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে গর্ত। বিশেষ করে উপজেলা সদরের লত্সর গ্রামের অংশে সড়কটির প্রায় এক কিলোমিটার মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটির এ অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

লত্সর গ্রামের মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, সম্প্রতি এ সড়কে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল উলটে পার্শ্ববর্তী খাল ও পুকুরে পড়ে যাত্রীসহ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি জানান, দীর্ঘদিন সড়কটি মেরামত না করায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে। স্থানীয় অটোরিকশাচালক আহছান, নাসিম ও সিএনজিচালক দুলালসহ অনেকেই জানান, সড়কটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় গর্ত। এসব ঝুঁকিপূর্ণ গর্ত পার হওয়ার সময় যানবাহন থেকে যাত্রীরা নেমে পড়েন। গর্ত পার হয়ে আবার গাড়িতে উঠেন। তারা জানান, এ সড়কে দিনে যাই হোক, রাতে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সড়কটি মেরামত করে যান চলাচল উপযোগী করার দাবি জানান এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান আল-আমিন ভুঁইয়ার সঙ্গে কথা হলে তিনি গত বছর স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে কনক্রিট ফেলে সমান করা হয় বলে জানান। এ সময় তিনি বলেন, সরেজমিন পরিদর্শন করে সড়কটি মেরামতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এলজিইডি মনোহরগঞ্জের উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, সমস্যা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে শিগিগরই ব্যবস্থা নেওয়া হবে।