স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে সাঁতারের প্রথম দিনেই তিনটি নতুন রেকর্ড হয়েছে। গতকাল সকালে সেনাবাহিনীর জুয়েল আহমেদ দিনের প্রথম রেকর্ড গড়েছেন ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে। পরে রেকর্ড গড়ার গৌরব অর্জন করেছেন নৌবাহিনীর দুই সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ ও সোনিয়া খাতুন।
রেকর্ড গড়লেও নিজের টাইমিংয়ে সন্তুষ্ট ছিলেন না জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন তিনি। এবার তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। ৫৬.৮২ সেকেন্ডের পুরোনো রেকর্ডটি ছিল তারই। ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে এটি গড়েছিলেন তিনি। নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নিয়েছেন ১ মিনিট ৭.১২ সেকেন্ড। ২০১৯ সালে ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডে গড়া আগের রেকর্ডের মালিক নৌবাহিনীর আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। নিজের পুরোনো রেকর্ডের চেয়ে ভালো টাইমিং করলেও রুপার পদকেই সান্ত্বনা খুঁজতে হয়েছে সোনিয়া আক্তার টুম্পাকে। গতকাল এ সাঁতারুর টাইমিং ছিল ১ মিনিট ৮.৫১ সেকেন্ড।
