আগুয়েরোর শূন্যস্থান পূরণ করছে না ম্যানসিটি

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:১৫

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সামনের মৌসুমে বিদায়ি সার্জিও আগুয়েরোর জায়গায় আরেক জন নতুন স্ট্রাইকার কিনছে না তার ক্লাব। এর আগে গত সোমবার ম্যান সিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ১০টি দীর্ঘ মৌসুম পার করে এই জুনে ইতিহাদ স্টেডিয়ামকে বিদায় জানাবেন আগুয়েরো।

প্রশ্নটা উঠেছিল আর্লিং হাল্যান্ডকে কেন্দ্র করে। মাঠের ফুটবলে প্রতি সপ্তাহেই শিরোনামে থাকা এই তরুণ স্ট্রাইকার এই সপ্তাহে শিরোনাম হচ্ছেন মাঠের বাইরের ঘটনার জন্য। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে তার বাবা ও এজেন্ট। কথা আছে, সামনে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গেও বসবে হাল্যান্ডের প্রতিনিধিরা। এদিকে, নতুন আগুয়েরোর খোঁজে থাকা ম্যান সিটির ইচ্ছাতালিকাতেও আছেন এই ২০ বছর বয়সি বরুশিয়া ডর্টমুন্ড তারকা। কিন্তু তার জন্য ১৫০ মিলিয়ন ইউরো মূল্যমান ঠিক করে রেখেছে ডর্টমুন্ড, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সিটি ম্যানেজার গার্দিওলা, ‘আমি জানি না কী হবে, কিন্তু এই দামে আমরা কোনো স্ট্রাইকার কিনছি না। এটা অসম্ভব। সব ক্লাবই অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আসলে পরের মৌসুমে আমাদের কোনো স্ট্রাইকার না কেনার সম্ভাবনাই বেশি।’

হাল্যান্ড ছাড়াও সিটির ইচ্ছাতালিকায় আছেন টটেনহাম হটস্পার ফরওয়ার্ড হ্যারি কেইন। এই অভিজ্ঞ স্ট্রাইকারকেও ১২০ মিলিয়ন ইউরোর কমে ছাড়তে রাজি না স্পার্স।