এফবিসিসিআই নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন ৮৪ প্রার্থী

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য ৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে ৮০ জন পরিচালক হবেন। নির্বাচনের তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২৩ জন করে ৪৬ জন নির্বাচিত হবেন। আর উভয় গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন হবেন মনোনীত পরিচালক। আগামী ৫ মে সংগঠনটির পরিচালক পদের নির্বাচন।

এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিন। এর আগে তিনি এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফের কাছে মনোনয়নপত্র জমা দেন।