মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আব্দুর রউফ মিয়া ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় এবং প্রভাবশালী নেতাদের বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। এ নিয়ে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩ নম্বর ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আব্দুর রউফ ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের নেতা। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০১৭ সালে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চান আব্দুর রউফ। কিন্তু বিএনপির দলীয় মনোনয়ন পান মো. শহিদুর রহমান শহীদ মৃধা। ধানের শীষের মনোয়নপত্র না পেয়ে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন রউফ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার সঙ্গে সখ্যতা গড়ে নৌকায় উঠার চেষ্টা করেন।
সম্প্রতি টাকা দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এবং কার্যকরী কমিটির সদস্য পদও বাগিয়ে নেন।
