রুমিনকে হুইপ করল বিএনপি

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:০৯

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সংসদে দলের হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিষয়টি অবহিত করে গতকাল শনিবার সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের স্বাক্ষরে স্পিকারের কাছে চিঠিটি দেওয়া হয়।

রুমিন ফারহানা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করব।’

প্রসঙ্গত, সংসদের চিফ হুইপ (সরকারি দলের) মন্ত্রী এবং সরকারি দলের হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। রাষ্ট্রপতির অনুমোদনে তারা নিয়োগ পান। তবে বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ মনোনয়ন দেয় সংশ্লিষ্ট দল। পরে স্পিকারকে এ বিষয়ে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।