পঞ্চগড়ে নেশার টাকা না পাওয়ায় মা জয়তুন বেগমকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে শহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক। শনিবার দুপুরে জেলা শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মাকে হত্যার পর পলাতক রয়েছে শহিদুল। জয়তুন বেগম ঐ এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুুপুরে বাড়ির পাশে কাজ করছিলেন জয়তুন বেগম। মাদক সেবনের জন্য শহিদুল তার মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে তার মাকে আঘাত করে। এসময় জয়তুনের চিত্কারে এলাকাবাসী সেখানে গিয়ে দেখেন জয়তুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ছেলে শহিদুল দৌড়ে পালাচ্ছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানিয়ে দেন। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাকিব হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শহিদুল এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাঝেমধ্যেই মাদক কেনার টাকার জন্য বাবা-মা ও বোনকে মারধর করত। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এর আগে তার উত্পাত বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। কয়েক মাস আগে সে জেল থেকে বেরিয়ে আসে। তারপর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা শহিদুলকে ধরতে অভিযান শুরু করেছি।
