২০ কেজি ওজনের মিষ্টিআলু !

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:৩৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী ঈদগা মাঠ থেকে মিলল ২০ কেজি ওজনের মিষ্টিআলু। দানবাকৃতির আলুটি এক নজর দেখতে এলাকাবাসীসহ আশপাশের অনেক লোকজন ভিড় জমায়।

স্থানীয় শৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, গেল বছর ঈদগার মাঠে কয়েকটি মিষ্টিআলুর লতা রোপণ করেন তিনি। যদিও তিনি পেশায় কৃষক নন। শখের বশে শাক খাওয়ার জন্য লতা রোপণ করেছিলেন মাঠের ভেতরের একাংশে। সেখান থেকে সারা বছর শাক খেয়েছেন তিনি ।

 তাজুল জানান, শনিবার সকালে মরে যাওয়া লতাগুলো কেটে মাটি খুঁড়তে গেলে দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলুর। এছাড়াও দুই-তিন কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে। সরকারি সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেন তাজুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।