হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীতে আগুনে পুড়ে ৪টি বসতঘর ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে পুড়ে সালমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বেলা বারটার দিকে পৌরসভার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ডস্থ ইসমাইল সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ড ইসমাইল সওদাগরের বাড়িতে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি পরিবারের পাকা, সেমি পাকা, বেড়া ও টিন দিয়ে নির্মিত বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরের ভেতরে থাকা বৃদ্ধা সালমা খাতুনও আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পুড়ে নিহত বৃদ্ধা সালমা খাতুন একই এলাকার মৃত আব্দুল গফুর চৌকিদারের স্ত্রী বলে জানা গেছে। হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।
