দৈনিক ইত্তেফাকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ও প্রবীণ সাংবাদিক খোন্দকার শাহাদাৎ হোসেন আর নেই। রবিবার ( ৪ এপ্রিল) ভোরে রামপুরার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্ব্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
খোন্দকার শাহাদাৎ হোসেন ১৯৪৫ সালের ৭ ডিসেম্বর বরগুনা জেলার বামনায় জন্মগ্রহণ করেন। তিনি সত্তর ও আশির দশকে সিনে পত্রিকা পূর্বানী’র সম্পাদক ছিলেন। সর্বশেষ দৈনিক ইত্তেফাকের জিএম এর দায়িত্ব পালন করেন। তিনি বাচসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান। কালজয়ী সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন মরহুম শাহাদাৎ হোসেনের ভগ্নিপতি। তার বড় ভাই হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন। রবিবারই বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিশিষ্ট সাংবাদিক খোন্দকার শাহাদাত হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদিকা জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা খালেদা খানম, সমিতির জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা, ডাক্তারসহ সর্বস্তরের কর্মচারী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক করেছেন।
ইত্তেফাক/এসআই
