জাবি সংবাদদাতা
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা ও বারবার হাত ধোঁয়ার ব্যাপারে মানুষকে সচেতন করতে ভিন্নধর্মী ‘পাপেট শো’র আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কাকতাড়ুয়া পাপেট থিয়েটার।
গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্থানে পাপেট শোর মাধ্যমে মানুষকে সচেতন করে তারা।
সরজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ‘ইতু’ ও ‘গগলস’ মুখে মাস্ক পরা ও বারবার হাত ধোঁয়ার ব্যাপারে মানুষকে সচেতন করছে। মানুষের মুখে মাস্কও পরিয়ে দিচ্ছে তারা। এই ‘ইতু’ ও ‘গগলস’ হলো দুটি পুতুল। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এভাবে সবাইকে সচেতন হওয়ার বার্তা দিয়েছে সংগঠনটি।
এ সময় আয়োজকরা বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে বের হচ্ছেন। পুতুলের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। করোনার সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন।
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক বলেন, নিজেদের প্রচেষ্টায় আমরা মানুষকে সচেতন করতে পাপেট শো করেছি। এর আগেও বিভিন্ন সময়ে সচেতনতামূলক এ ধরনের পাপেট শো করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
