গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল কারখানা ওয়্যার হাউজে রবিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার সহকারী হিসাবরক্ষক শফিকুল ইসলাম জানান, গোডাউনে সুতা ও তৈরি করা, জিনস প্যান্ট ও মেশিনপত্র রয়েছে। স্থানীয়ভাবে কারখানাটি তিতাস ফ্যাক্টরি নামে পরিচিত। কারখানার অ্যাডমিন জিএম নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, ‘আমাদের আটটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
