নষ্ট ও ভণ্ড নেতৃত্ব বর্জন করুন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩৮

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নষ্ট এবং ভণ্ড নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘মামুনুল হকসহ যে সমস্ত নেতৃবৃন্দ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে এবং হেফাজতে ইসলামের যে নেতারা তাদের সমর্থন করেন তাদের কেমন লাগছে জানি না, কিন্তু মামুনুল হককে নিয়ে শনিবারের ঘটনাপ্রবাহে আমার প্রচণ্ড লজ্জা লাগছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশের নাগরিক এবং এক জন মুসলমান হিসেবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধ জানাব, নিজেকে আলেম হিসেবে পরিচয় দিয়ে ভণ্ড লেবাস ধরে যারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয়, আর নিজের জীবন ইসলাম সম্মতভাবে পরিচালনা করে না, সেই সব নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করুন। হাছান মাহমুদ আরো বলেন, ‘যখন হেফাজতের ব্যানারে মানুষের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তখন নিপুণ রায় যখন টেলিফোন করে তার কর্মীকে বাসে আগুন দিতে বলে আর গয়েশ্বর রায় সেটাকে সমর্থন দেয় তখন বুঝতে হবে, এটা ইসলামকে রক্ষা বা হেফাজতের জন্য নয়, নরেন্দ্র মোদির আগমনের বিষয়েও নয় বরং ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে একটি বিশৃঙ্খলা তৈরির জন্যই এসব।’

‘ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হবে’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা প্রসঙ্গে বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে, ক্যাবল নেটওয়ার্ক সিস্টেমকেও ডিজিটাল হতে হবে। কারণ এটি না হলে, গ্রাহকরা ঠিক সেবা পাচ্ছে না, টেলিভিশন চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও ঠিক রাজস্ব পাচ্ছে না।’