ভিক্ষুকদের মধ্যে অটোরিকশা ও নগদ সহায়তা বিতরণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ঈশ্বরদীতে ভিক্ষুকদের মধ্যে অটোরিকশা, ভ্যান ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের ভিক্ষুক পনর্বাসন কর্মসূচির আওতায় এ সহযোগিতা উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপনে মাস্ক বিতরণ
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার মাস্ক বিতরণ করা হয়েছে। চাঁদপুর লঞ্চ টার্মিনালে এ কার্যক্রমের আয়োজন করা হয়। জেলা মত্স কর্মকর্তা আসাদুল বাকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, স্থানীয় কাউন্সিলর মো. সফিকুল, নৌ-থানার ইনচার্জ জহিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মত্স কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমুখ।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সব ইউনিয়ন পরিষদ এবং মসজিদে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম তার দপ্তরে প্রত্যেক ইউপি চেয়ারম্যানের হাতে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা ৪ থেকে আগামী ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি সংরক্ষণ বিষয়ে আড়ত ও জেলে পল্লীতে রবিবার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবুনিয়া ইউনিয়নের কুবুদ্ধি বাজারে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।
জেলেদের সাঁতার প্রতিযোগিতা
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজবাড়ীর পদ্মা নদীর পাড় গোদার বাজার এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল।
আত্মরক্ষার কৌশল শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে নারীদের ‘আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষণ রবিবার শেষ হয়েছে। জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আয়োজিত প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩৮ জন নারীর মধ্যে সনদ বিতরণ করা হয়। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা।
জেলেদের বিকল্প আয়বর্ধকমূলক প্রশিক্ষণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুরে বৃহত্তর কুমিল্লা জেলার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধকমূলক ৩৪তম ব্যাচের প্রশিক্ষণ কোর্স রবিবার শেষ হয়েছে। প্রতি ব্যাচে ২০ জন করে জেলে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, জেলা মত্স্য কর্মকর্তা তাজমহল বেগম ও উপজেলা মত্স্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
