রাণীনগরে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৩

রাণীনগরের একডালা-শিয়ালা-চাঁপাপুর রাস্তার একটি কালভার্ট ভেঙে গত তিন মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এলাকার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিনিয়তই এ রাস্তা দিয়ে যানবাহনে চলাচল ও বিভিন্ন মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলার আবাদপুকুর-মাদামতুলি রাস্তার একডালা মোড় থেকে শিয়ালা-চাঁপাপুর পাকা রাস্তার একডালা মোড়ে একটি কালভার্ট রয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী যান চলাচলের সময় কালভার্টের মাঝখানে কিছুটা দেবে যায়। এতে ওই রাস্তায় গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করলেও এর কিছুদিনের মাথায় কালভার্টের মধ্যভাগ বরাবর থেকে প্রায় ৭৫ শতাংশ ভেঙে পড়ে যায়। এরপর থেকে ওই রাস্তা দিয়ে এলাকার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যানবাহনে চলাচলসহ বিভিন্ন মালামাল পরিবহন করতে পারছেন না।

উপজেলার টুং গ্রামের তানসিন হোসেন জানান, কালভার্টটি দীর্ঘ প্রায় তিন-চার মাস ধরে ভেঙে পড়ে থাকলেও পুনঃনির্মাণ অথবা সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়তই মালামাল পরিবহন কিংবা যানবাহন নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই কালভার্টটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।

উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, কালভার্টটি দ্রুত মেরামতের জন্য এডিবিতে প্রকল্প আকারে দেওয়া আছে। বরাদ্দ আসলেই কাজ শুরু হবে।