ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ছাড়

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৭

ইত্তেফাক রিপোর্ট

ক্রেডিট কার্ডের বিল পরিশোধে কিছুটা ছাড় দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিল পরিশোধের সময় সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সময়সীমার মধ্যে থাকলে তা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পাঁচ কর্মদিবস পর্যন্ত বাড়ানোর জন্য বলা হয়েছে। এক্ষেত্রে বর্ধিত সময়সীমা পার না হওয়া পর্যন্ত কোনো প্রকার লেট পেমেন্ট ফি আরোপ করতে পারবে না ব্যাংক। গতকাল রবিবার কোভিড-১৯-এর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিনির্ভর লেনদেনের বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা আরোপকালে যদি ক্রেডিট কার্ডের বিলের সময় পার হয়ে যায়, তবে কেবল মূল অঙ্কের টাকার ওপর সুদ আরোপ করতে পারবে ব্যাংক। তবে পরবর্তী মাসের বিলে, পূর্ববর্তী মাসের বিলের সুদের ওপর নতুন কোনো সুদ আরোপ করা যাবে না। এছাড়া প্রযুক্তিভিত্তিক লেনদেনের সীমাও কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব কার্ড দিয়ে কেনাকাটার সময় কার্ডটি দূর থেকে ধরেই লেনদেন করা যায়, সে ধরনের কার্ডের প্রতিটি লেনদেনের ব্যয় সীমা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে সেন্ড মানির মাসিক সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। বিদ্যমান পদ্ধতিতে সেন্ডমানির ক্ষেত্রে একজন গ্রাহককে কোনোভাবেই এক মাসে বিনা চার্জে ৪০ হাজার টাকার বেশি সেন্ডমানির সুবিধা দেওয়া যাবে না। তাছাড়া একজন গ্রাহক আরেকজন গ্রাহককে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিনা খরচে সেন্ডমানি করতে পারবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানের ব্যক্তিগত ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং হিসাব, এজেন্ট ব্যাংকিং হিসাবকে ব্যাবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। সার্বক্ষণিকভাবে এটিএম, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডিভিত্তিক লেনদেন সেবা চালু রাখতে বলা হয় ব্যাংকগুলোকে। সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলার জন্য ই-মেইল, ফিশিং ই-মেইল আক্রমণ প্রভৃতি বিষয়ে বিশেষ নজরদারি ও সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।