স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এই মুহূর্তে বন্ধ হচ্ছে না। করোনার কারণে লকডাউন দেওয়া হলেও গেমস চলবে বলে জানিয়েছে গেমস আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। যেভাবে প্রত্যেকটি খেলা আয়োজন করার কথা আগেই জানানো হয়েছিল সেভাবেই হবে। তবে সরকার যদি গেমস নিয়ে কোনো সিদ্ধান্ত দেয় তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন। তিনি বলেন, গেমস চলবে। আমরা গেমস শেষ করব। যেসব ইভেন্ট রয়েছে সেগুলো হয়ে যাবে।’ বাংলাদেশ গেমস শেষ হবে ১০ এপ্রিল।
গতকাল বাংলাদেশ গেমসের চতুর্থ দিনে শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, ক্রিকেট, কুস্তি, শরীরগঠন, ফেন্সিং, সাইক্লিং, নারী-পুরুষ ফুটবলের খেলা হয়েছে।
১৫ বছর আগের রেকর্ড
ভাঙলেন শিরিন
নবম বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দখল নেওয়ার পর গতকাল ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জিতেছেন শিরিন। এই ইভেন্টে পনেরো বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। নতুন রেকর্ড গড়েছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে রেকর্ড গড়ে শিরিন আক্তার বলেন, ‘ভালো লাগছে বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।’ নৌবাহিনীর শিরিন আক্তার নতুন ২০০৬ সালে করা বিউটি আক্তারের রেকর্ড ভেঙেছেন। আগের টাইমিং ছিল ২৪.৩০ সেকেন্ড। শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।
এই ইভেন্টে পুরুষ লড়াইয়ে বিমান বাহিনীর নাঈম ইসলাম স্বর্ণপদক জিতেছেন। তিনি দৌড় শেষ করেছেন ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে।
২০০ মিটারে স্বর্ণপদক জয়ী নাঈম ইসলাম বললেন, ‘জুনিয়র অ্যাথলেট থাকার সময়ে অ্যাথেলেট জহির রায়হান আমাকে কোচিং করিয়েছেন। শেরপুরে আমাদের বাড়ি। এবার গেমস শুরুতে ১০০ মিটারে অংশ নিয়ে তৃতীয় হয়েছি।’ এই তরুণ নাঈম বললেন, ‘ছোটবেলা থেকে অ্যাথলেটিকস করতাম। দৌড়াতে ভালো লাগে। এটা আমি উপভোগ করি।’
সাইক্লিস্ট ফয়সালের অন্যরকম
হ্যাটট্টিক, প্রথম স্বর্ণ জয়
বাংলাদেশ গেমসে এবার তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। অন্যরকম হ্যাটট্টিক করেছেন সেনাবাহিনীর সৈনিক সাইক্লিস্ট বিশ্বাস ফয়সাল হোসাইন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়াল ব্যক্তিগত ইভেন্টে ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছিলেন ফয়সাল। একই দিনে পুরুষদের ১২০০ মিটার দলীয় অলিম্পিক স্প্রিন্টে ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে সতীর্থ আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসানের সঙ্গে রেকর্ড করেন ফয়সাল। আজ ১০০০ মিটার ব্যক্তিগত স্প্রিন্টে ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। তিনি ভেঙে দেন ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে ১৫.১০ সেকেন্ডে আনসারের তরিকুল ইসলামের রেকর্ড। হ্যাটট্টি রেকর্ড গড়ে ফয়সাল বলেন, ‘জীবনের প্রথম স্বর্ণপদক পেয়েছি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে এসে। এবার হ্যাটট্রিক রেকর্ড গড়ে আমার আশা পূর্ণ হলো।
