শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৯

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে ‘পুঁচকে ওয়েস্ট ব্রমের কাছে হেরে বসে চেলসি। আর এই অঘটনের ফলে যেই শীর্ষ চারের আশা প্রায় বাদ দিয়ে দিয়েছিল লিভারপুল শিবির, সেই শীর্ষ চারের সম্ভাবনা আবারো উঁকি দিয়ে উঠে তাদের জন্য। গত শনিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ইংলিশ চ্যাম্পিয়নরা শুধু শীর্ষ চারের দৌড়ে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিতই করেনি, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের আগে রিয়াল মাদ্রিদ শিবিরেও পৌঁছে দিয়েছে সতর্কবার্তা। এমিরেটসে শুরু থেকেই ম্যাচের দখল ছিল লিভারপুলের পায়ে। কিন্তু প্রতিপক্ষকে চাপে রেখে বারবার আক্রমণে গেলেও গোলমুখ ভেদ করতে পারছিল না মোহামেদ সালাহরা। দ্বিতীয়ার্ধে যখন মনে হচ্ছিল আরেকবার ‘ফ্রন্ট থ্রি’র ব্যর্থতায় পয়েন্ট খোয়াবে অলরেডরা, তখনই মাঠে নেমে আরেকবার দলকে উদ্ধার করেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জটা। ৬১ মিনিটে বদলি হিসেবে নেমে ৬৪তম মিনিটেই ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে হেড করে গোল করেন জটা। প্রথম গোলের চার মিনিটের মধ্যে আর্সেনাল গোলরক্ষক বার্ন্ড লেনোকে বোকা বানিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধের শেষদিকে লেনোকে আরো একবার পরাস্থ করেন জটা। এই দাম্ভিক জয়ে টেবিলের পাঁচে চলে এসেছে লিভারপুল, চারে থাকা চেলসির দুই পয়েন্টের ব্যবধানে।  প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতাতেই নিজেদের লড়াই অব্যাহত রাখার ডাক দিয়েছেন লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই জার্মান বলেছেন, ‘আমাদের দেখাতে হবে আমরা আসলেই এটার (চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল) জন্য লড়াই করছি। এসব নিয়ে কথা বলা যাবে না, মাঠেই দেখাতে হবে আমাদের।’ আর্সেনালের বিপক্ষে পাওয়া এই জয় সেই লড়াইয়ের বার্তাই বহন করছে বলেও মনে করছেন তিনি।