‘ল্যাংড়া’ ও ‘আশ্বিনা’ আম দ্রুত জিআই সনদের আওতায় আনার নির্দেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০

নিবন্ধন পেল খিরসাপাত আম

ইত্তেফাক রিপোর্ট

দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই নিবন্ধন সনদ পেল ‘চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম’। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলামের হাতে গতকাল রবিবার এ সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন এবং সনদ গ্রহণকারী ড. মো. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে চাঁপাইনবাবগঞ্জের ‘ল্যাংড়া’ এবং ‘আশ্বিনা’ আমের অনুকূলেও জিআই সনদ প্রদানের জন্য ডিপিডিটি’র প্রতি নির্দেশনা দেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই সনদ অর্জনের ফলে দেশে আমের উত্পাদন বৃদ্ধির পাশাপাশি আমকেন্দ্রিক অর্থনীতি জোরদার হবে। তিনি আমসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ফল, ফুল, পাখি ও পণ্যকে জিআই নিবন্ধনের আওতায় আনার তাগিদ দেন।

 শিল্পমন্ত্রী আরও বলেন, এ আম দিয়ে বাঙালি জাতির নিজস্ব পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব। তিনি আমকেন্দ্রিক গবেষণা এবং কৃষিভিত্তিক শিল্পায়নে বর্তমান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। ঐতিহ্যবাহী খিরসাপাত আম জিআই সনদ পাওয়ায় স্থানীয় আম চাষি, ব্যবসায়ী, কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের আলাদা ব্র্যান্ডিংয়ের সুযোগ বাড়বে।  

উল্লেখ্য, ভৌগোলিক নির্দেশক পণ্য বা সংক্ষেপে জিআই হচ্ছে মেধাসম্পদের অন্যতম শাখা। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া, জলবায়ু এবং ওই দেশের জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি অনন্য গুণমানসম্পন্ন পণ্য উত্পাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই গুণমানসম্পন্ন সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উত্পাদন করা সম্ভব নয়।