চট্টগ্রামে পবিত্র রমজান মাসে শপিংমল ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। অন্যদিকে লকডাউনের সময় রাজশাহীর আরডিএ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা।
চট্টগ্রাম অফিস জানায়, পবিত্র রমজান মাসে শপিংমল ও দোকানপাট নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম দোকান মালিক সমিতির নেতারা। গতকাল রবিবার তারা এ দাবিতে চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নেতারা বলেন, হঠাত্ লকডাউনের ঘোষণায় চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। গত বছর লকডাউনের কারণে সৃষ্ট ক্ষতি ব্যবসায়ীরা এখন পর্যন্ত পুষিয়ে উঠতে পারেনি। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা কোনো ধরনের আর্থিক প্রণোদনা পায়নি। ব্যাংক ঋণ ও দোকানের পাওনা মেটাতে তাদের অবস্থা শোচনীয়। এছাড়া ট্রেড লাইসেন্স, ভ্যাট, আয়করসহ যাবতীয় সরকারি রাজস্বসমূহ ব্যবসায়ীরা সময়মতো পরিশোধ করে আসছেন। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেটের প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীদের একটাই দাবি, লকডাউন নয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করে জীবন ও জীবিকা দুটোই বাঁচানো সম্ভব। যেহেতু শিল্প-কারখানা, গার্মেন্টসসহ বৃহদাকার আরো প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে, সেহেতু এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সীমিত পর্যায়ে হলেও দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছি।
এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা সমিতির জেলা সভাপতি সালেহ আহমেদ সুলেমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
লকডাউনে রাজশাহীর আরডিএ মার্কেট
খোলা রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানিয়েছেন, রাজশাহীতে লকডাউনের মধ্যেও আরডিএ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। রবিবার সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও অন্য নেতারা।
তারা বলেন, লকডাউনে দেশের বড় বড় কল-কারখানা ও গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা যেভাবে নিয়মনীতির মধ্যে থেকে কল-কারখানা খোলা রাখবে, আরডিএ মার্কেটও তেমনভাবেই চলবে। পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মার্কেটের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও আরএমপির কমিশনারকে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তারা।
লকডাউনে মার্কেট খোলা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন আন্তরিকতা না দেখালে দল-মত নির্বিশেষে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।
