একাধিক ফোনকলের অডিও ফাঁস

মামুনুল ষড়যন্ত্রের শিকার :হেফাজত

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৫৯

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছে সংগঠনটি। হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন বলেছেন, মামুনুলের বিবাহিত স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মামুনুল নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন প্রধানমন্ত্রী যা বলেছেন তা সঠিক নয়। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় মাওলানা সাখাওয়াত এসব কথা বলেন।

একাধিক ফোন রেকর্ড ফাঁস : এদিকে মামুনুল হকের ফোনকলের একাধিক অডিও ফাঁস হয়েছে। একটি কলরেকর্ড থেকে পাওয়া যায়, মামুনুল তার স্ত্রীকে ফোন করে শিখিয়ে দিচ্ছেন কেউ জিজ্ঞাসা করলে তিনি যেন বলেন বিষয়টা তিনি জানেন।  আবার মামুনুলের স্ত্রীকে ফোন করে একই কথা শিখিয়ে দেন তার বোন। পৃথক কল রেকর্ডে মাদ্রাসার একজন শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।    

মাদ্রাসার ঐ শিক্ষিকার সঙ্গে মামুনুলের  কথপোকথনের যে অডিওটি ফাঁস হয়েছে সেটিতে শোনা যাচ্ছে—মামুনুল হক তাকে বলছেন, ‘ক্লাসে আছো তা কী হইছে? ক্লাসে থাকলে কি প্রাণ খুলে কথা কওন যায় না? আমি অফিসে বসমু না, আমি এখনই কথা বলমু। যা ইচ্ছা তাই বলমু।’ তখন ঐ নারী বলছেন, ‘অধিকার তো আমারটাও আপনি হরণ করছেন।           পুলাপাইনদের সামনে অনেক ?কিছু কইতে পারতাছি না।’ তখন মামুনুল অট্টহাসি দেন। তখন ঐ নারী বলেন, ‘এত ঝামেলার মধ্যে এত রস আহে কোত্থেকে, মিয়া?’

অন্য কলরেকর্ডে শোনা যায়, মামুনুল হক তার স্ত্রীকে ফোন করে বলছেন, ‘এটা শহীদুল ভাইয়ের স্ত্রী।’ এরপর তিনি শিখিয়ে দিচ্ছেন, কেউ যদি তাকে ফোন করেন তাহলে তিনি যেন বলেন, এই বিষয়টি তিনি জানেন। বিস্তারিত বাসায় গিয়ে বলবেন। আবার মামুনুলের বোন তার স্ত্রীকে ফোন করে শিখিয়ে দিচ্ছেন, কেউ যদি তাকে ফোন করে তাহলে তিনি যেন বলেন, আম্মা তাদের এই বিয়ে দিয়েছেন। তিনি সম্মতি দিয়েছেন।

ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চাইলে মাওলানা সাখাওয়াত বলেন, ফোনালাপ কাটছাঁট করে প্রচার করা হচ্ছে। যারা প্রচার করছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বিয়ে আদৌ করেছেন কি না, কাবিননামা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তার (মামুনুল হক) ব্যক্তিগত বিষয়। এসব বিষয়ে তিনি নিজেই কথা বলবেন। মামুনুল হকের এ সময়ে বিনোদন করতে যাওয়া ঠিক হয়েছে কি না, জানতে চাইলে সাখাওয়াত বলেন, তিনি ঢাকা থেকে মাত্র ২০ মিনিট দূরের একটি জায়গায় ঘুরতে গেছেন।

এদিকে মামুনুল হক ফেসবুক লাইভে দাবি করেছেন ঐ নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ভুল তথ্যের ওপর ভিত্তি করে যেভাবে আমার চরিত্রের ওপর কালিমা লেপনের  চেষ্টা করেছেন, তাতে আমি মর্মাহত। আমি মনে করছি, তিনি আমার সম্পর্কে পুরোপুরি না জেনে, এসব মন্তব্য করেছেন।’