বিমানবন্দর ও বনশ্রীতে দুই নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২১:৩৩

রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণ বনশ্রীতে বহুতল ভবনে সোমবার (৫ এপ্রিল) বিকালে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মামুন (২২) ও মতিউর রহমান (৫০)। এদের মধ্যে মামুন রাজমিস্ত্রি ও মতিউর রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহত মামুনের সহকর্মী ইকবাল শেখ জানান, তারা বিমানবন্দরের ভেতরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করছিলেন। মামুন সেখানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। সোমবার বিকাল ৪টার দিকে মামুন তিন তলার বাইরের দিকে মাচানের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত মাচান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

খিলগাঁও থানার এসআই ফেরদৌস জানান, বনশ্রীতে একটি নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন মতিউর। সোমবার বিকাল ৩ টার দিকে ভবনের সাততলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতিউরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বগমানপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও পশ্চিম নন্দিগ্রামে থাকতেন।
ইত্তেফাক/এমএএম