সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফাগুয়া উত্সব পালন

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা করোনা থেকে মুক্তিলাভ এবং সারা বছর সুস্থ থাকার প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় উত্সব ফাগুয়া। গতকাল সোমবার খিদিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম পরিষদের উদ্যোগে এ ধর্মীয় উত্সব পালিত হয়। উত্সব উপলক্ষ্যে খিদিরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গ্রাম পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুজুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উন্নয়নকেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা প্রমুখ।

পুলিশের মাস্ক বিতরণ

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় লকডাউন পরিস্থিতি ও বাজার পরিদর্শন, মাস্ক বিতরণ করেছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের সরিষাহাটির মোড় থেকে শুরু করে গোস্তহাটির মোড়, মিষ্টি বাজার এবং এসব সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, ট্রাফিক ইনচার্জ রেজাউল হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটির সভা

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রামে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. শামসুল হক, থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম প্রমুখ।

করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার কর্তৃক লকডাউন নির্দেশনাসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, এসিল্যান্ড মোসা. রুবাইয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রমুখ।

করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ 

চাটমোহর (পাবনা) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাটমোহরে সরকারি-বেসরকারি পর্যায়ে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হচ্ছে। সোমবার সকালে পৃথক পৃথক স্থানে চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ও চাটমোহর থানা পুলিশ গণসচেতনতায় লিফলেট বিতরণ ও মাইকে প্রচার করা ছাড়াও সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

সেবা নিতে এলেই মিলছে ফ্রি মাস্ক

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ও সহযোগিতা নিতে এলেই মিলছে ফ্রি মাস্ক। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক মাস্ক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ। তিনি জানান, আমাদের ইউনিয়নের চরাঞ্চলগুলোর মানুষ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র। তাদের অনেকেই আবার মাস্ক ব্যবহারে সচেতন না। তাই করোনার বিস্তার রোধে পরিষদে অফিস চলাকালে যারা মাস্ক বিহীন আসবেন, তাদের ফ্রি মাস্ক দেওয়ার উদ্যোগ নিয়েছি।

 

 

০