লকডাউনে মোবাইল ব্যাংকিংয়ে সেন্ডমানি ফ্রি

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে এক সপ্তাহের জন্য লকডাউন গতকাল থেকে শুরু হয়েছে। এ সময়ে আর্থিক লেনদেন ঠিক রাখতে এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডিভিত্তিক সব লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট প্রভৃতি) এর সেন্ডমানি ফ্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ব্যাংকিং সেবায় প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত সেন্ডমানিতে গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। অবশ্য এক জন গ্রাহক আরেকজন গ্রাহককে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত বিনা খরচে সেন্ডমানি করতে পারবে। আর সেন্ড মানির মাসিক সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। তবে সেন্ডমানি ছাড়া ক্যাশ আউটসহ অন্য সেবায় চার্জ থাকছে আগের মতোই। মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা লকডাউন চলাকালে এ সুবিধা পাবেন। এদিকে সাধারণ গ্রাহকরা বলছেন, লকডাউনের সময় সেন্ডমানি ফ্রি করা ভালো উদ্যোগ, এটা অন্য সময়ও থাকা উচিত। শুধু সেন্ডমানিতে নয়, ক্যাশ আউটকেও চার্জমুক্ত রাখা যেতে পারে লকডাউনে।