ভারতে করোনা চিকিত্সায় হেপাটাইটিস সির ওষুধ অনুমোদনের আবেদন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১৪

 রয়টার্স

কোভিড-১৯ রোগের চিকিত্সার জন্য হেপাটাইটিস সির একটি ?ওষুধ ব্যবহারের অনুমোদন চেয়েছে ভারতের ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড। শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ঐ ওষুধটি ব্যবহার করে আশাব্যঞ্জক অন্তর্বর্তী ফল পাওয়া গেছে বলে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি সোমবার জানিয়েছে। স্টক এক্সচেঞ্জগুলোকে দেওয়া এক বিবৃতিতে ক্যাডিলা বলেছে, প্রাথমিক পর্যায়ে হেপাটাইটিস সির ওষুধটির একটি একক ডোজ কোভিড-১৯ রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে ও রোগের পরবর্তী পর্যায়ে দেখা দেওয়া জটিলতা এড়াতে সহায়তা করতে পারে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের উদ্ধৃতি দিয়ে কোম্পানিটি বলেছে, এই ওষুধটি দিয়ে চিকিত্সা দেওয়া প্রায় ৯১ শতাংশ রোগী মানসম্পন্ন আরটি-পিসিআর পরীক্ষায় সাত দিনের মধ্যে কোভিড-১৯ মুক্ত হয়েছেন আর যাদের প্রচলিত চিকিত্সা দেওয়া হয়েছে তাদের মধ্যে এ হার ৭৯ শতাংশ ছিল।

এই ওষুধটি পেগিলেইটেড ইন্টারফেরন আলফা-টুবি নামে পরিচিত এবং ক্যাডিলা এটিকে ‘পেগিহ্যাপ’ নামকরণ করেছে ১০ বছর আগে ভারতের বাজারে আসা এ ওষুধটি হেপাটাইটিস সিজনিত লিভার রোগের চিকিত্সার জন্য অনুমোদন পেয়েছিল। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড হয়েছে, তার মধ্যেই এ খবর এল। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।