ইংল্যান্ডে সপ্তাহে দুবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১৪

ইংল্যান্ডে সপ্তাহে দুবার করোনার পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী শুক্রবার থেকে প্রত্যেককে এক সপ্তাহে দুবার করোনার পরীক্ষা করাতে হবে। সরকারের করোনা পরীক্ষার কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

দ্রুত করোনা পরীক্ষা করা যায় এমন কিট সহজলভ্য করা হচ্ছে। টেস্টিংয়ের বিভিন্ন স্থান, ফার্মেসিতে এগুলো পাওয়া যাবে। এসব কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর মাধ্যমে নতুন করে করোনার প্রাদুর্ভাব প্রতিহত করা যাবে। দেশটিতে সাম্প্রতিক সময়ে লকডাউন শিথিল করা হয়েছে। তবে এই কর্মসূচির বিরোধীরা বলছেন, এর মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর অর্থ ব্যয় হবে। ইংল্যান্ডে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিলের বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আওতায় অনাবশ্যক দোকান-পাট, পাব এবং রেস্টুরেন্ট আগামী ১২ এপ্রিল থেকে চালু করার বিষয়ে আলোচনা হবে। ঐ বৈঠকের পর ডাউনিং স্ট্রিট থেকে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী জনসন। আগামী ৯ এপ্রিল থেকে সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনার বিষয়টির প্রশংসা করে জনসন বলেন, ভ্যাকসিনের কার্যক্রম ভালোভাবে পরিচালনার পাশাপাশি আমরা লকডাউন ধীরে ধীরে শিথিল করছি এবং প্রতিনিয়ত সবাইকে টেস্টিংয়ের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।