স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে বিশ্রামে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। কারণ আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন জন লুইস। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। আরো এক সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের আগে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান জন লুইস। তখনই তাকে নিউজিল্যান্ড সফর পর্যন্ত দায়িত্ব দিয়েছিল বিসিবি। নিউজিল্যান্ড থেকে গত ৪ এপ্রিল ক্রিকেটারদের সঙ্গেই ঢাকায় ফিরেছেন লুইস।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে গতকাল বলেছেন, ‘জন লুইসকে আমরা শ্রীলঙ্কাতেও রাখছি। শ্রীলঙ্কা সফর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আপাতত একটা সিরিজই। আমাদের ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে।’ গত বছর নেইল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর ব্যাটিং কোচ হিসেবে ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই বিসিবির চাকরি ছেড়ে দেন ম্যাকমিলান। পরে ডারহামের সাবেক ক্রিকেটার লুইসকে নিয়োগ দেয় বিসিবি। এর আগে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে লঙ্কান বোর্ড তাকে নিয়োগ দিয়েছিল।
লুইসের অধীনে অবশ্য বাংলাদেশের ব্যাটিং খুব ভালো চলছে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের টেস্টে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে অনেক প্রস্তুতি, ক্যাম্প হলেও মূল লড়াইয়ে ব্যাটসম্যানরা সংগ্রাম করেছেন রান পেতে।
