ভারতে দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৪৮

করোনা মহামারির প্রথম ঢেউয়ে যা হয়নি তা-ই হলো দ্বিতীয় ঢেউয়ে। ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল লাখের বেশি। ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। এক দিনে এত লোক এর আগে আক্রান্ত হয়নি দেশটিতে। গত বছর ১৭ সেপ্টেম্বর দেশের দৈনিক সংক্রমণ ছিল ৯৭ হাজার ৮৯৪। এরপর থেকে তা কমতে শুরু করে। ক্রম পর্যায়ে কমতে কমতে তা ১০ হাজারের নিচে নেমেছিল। এর কিছু দিনের মধ্যেই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছে গেল। খবর আনন্দবাজার পত্রিকার

ভারতে দৈনিক সংক্রমণের সিংহভাগই ৯-১০টি রাজ্যে থেকে। আরো পাঁচ-ছয়টি রাজ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তবে মহারাষ্ট্রের মতো অবস্থায় এখনো অন্য রাজ্যেগুলোতে তৈরি হয়নি। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। গোটা করোনা পর্বে দেশের কোনো একটি রাজ্যে একদিনে সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ। সে রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি মুম্বাইয়ের অবস্থাও খারাপ হচ্ছে। ২৪ ঘণ্টায় দেশের বাণিজ্যনগরীতে নতুন আক্রান্ত ১১ হাজার ১৬৩ জন। করোনা পর্বে দেশের কোনো একটি শহরে একদিনে সংক্রমণের নিরিখেও যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং গুজরাটেও কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজার ৩৩ জন। এ বছরে এটাই রাজধানীতে হওয়া একদিনে সর্বোচ্চ সংক্রমণ।