টিকা গ্রহণকারীদের ওমরাহ পালনের অনুমতি দিলো সৌদি সরকার

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৬:৪৫

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। রমজানে কাবায় নামাজ আদায় করতে হলে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে শুধুমাত্র তারাই অনুমতি পাবেন। 

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বয়ারতে জানা যায়, সোমবার (৫ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ্জ মৌসুমেও বহাল থাকবে কি না তা এখনও পরিষ্কার নয়। গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্জ গত বছর বন্ধ ছিল।

ইত্তেফাক/এএইচপি