ভ্রাম্যমাণ প্রতিনিধি
আবহমান বাংলার অন্যতম জনপ্রিয় খেলা লাঠিখেলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে বাংলার অন্যতম ঐতিহ্যবাহী এ খেলা। তারপরও খেলোয়াড়রা লাঠি খেলা টিকিয়ে রেখেছেন।
নবান্ন উত্সব উপলক্ষে ঝিনাইদহের জেলা প্রশাসনের সহযোগিতায় ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের আয়োজনে সদর উপজেলার মুনুড়িয়া স্কুলমাঠে বসেছিল লাঠিখেলার এ আসর। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই লাঠিখেলা দেখতে ভিড় করে কয়েক হাজার মানুষ। আয়োজক পারভেজ মাসুদ লিল্টন বলেন, হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, আবহমান গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় লাঠিখেলা আধুনিক নানা খেলার কারণে মানুষ এখন ভুলতে বসেছে। এ খেলাটি সত্যি মনোমুগ্ধকর। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ জামান।
