করোনার কারণে অলিম্পিক থেকে সরে আসলো উত্তর কোরিয়া। আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলমান বৈশ্বিক মহামারি থেকে অ্যাথলেটদের সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় জানায়, ‘আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে না খেলার। চলমান বৈশ্বিক মহামারি থেকে অ্যাথলেটদের সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জান-ইন আশা করেছিলেন, টোকিও অলিম্পিকের মাধ্যমে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে৷ কিন্তু অলিম্পিক থেকে উত্তর কোরিয়ার সরে দাঁড়ানোয় এই সম্পর্কে ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে৷ শুধু তাই নয়, ২০১৮ সালে সামিটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মধ্যে ২০২৩ অলিম্পিকে আয়োজনে যৌথভাবে বিড করার চুক্তি হয়েছে।
টোকিও অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের কিছু জানানো হয় নি।
ইত্তেফাক/এএইচপি
