রংপুর অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে সারাদেশের মতো রংপুরেও বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের হাওয়া। এই নির্বাচনী হাওয়ায় যোগ দিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা। তারা এমপি পদে দলীয় মনোনয়ন না পেলেও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নের পেছনে ছুটতে শুরু করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনেন রংপুর জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা জামান ববি। তিনি বর্তমানে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান। মহাজোটগত কারণে তিনি এমপি নির্বাচনের মনোনয়ন না পেয়ে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এমপি পদে দলীয় মনোনয়ন না পাওয়া রংপুর-১ (গঙ্গাচড়া) উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফের লড়তে আগ্রহ প্রকাশ করেছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন জাকির হোসেন সরকার। তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এখন তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী।
অন্যদিকে, রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মণ্ডল, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফসার আলী, জাতীয় পার্টির পীরগাছা উপজেলা সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন তারা কেউই তাদের নিজ নিজ দলের মনোনয়ন পাননি। এখন তারা উপজেলা নির্বাচনে নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।
