খাবার ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১১

টেলিসেবা চালু করেছে স্বাস্থ্য উপকমিটি ও যুবলীগ

বিশেষ প্রতিনিধি

মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংকটে পড়েছে ঘরবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে চিকিত্সাসহ খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে ব্যক্তি উদ্যোগে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিতরণ করছেন হ্যান্ড স্যানিটাইজার, শিশু সুরক্ষাসামগ্রী ও সাবান। এছাড়াও সরকারি দলের পাশাপাশি এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো করোনা ভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপে ফের মাঠে নেমেছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় টেলিসেবা চালু করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি। দেশের এই ক্রান্তিলগ্নে তালিকাভুক্ত চিকিত্সকদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরামর্শ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। মঙ্গলবার উপকমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ঐ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আহ্বান জানান, কোনো কারণে সংশ্লিষ্ট চিকিত্সকরা ফোন কল রিসিভ না করলে এসএমএস দিয়ে নিজের পরিচয় উল্লেখ করে যোগাযোগ করার জন্য। এরপরও কোনো কারণে তালিকাভুক্ত চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির নেতাদের মোবাইল ফোনে যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে করোনা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ও সেগুন বাগিচা এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সরকার ঘোষিত সাত দিনের লকডাউনে বেকার হয়ে পড়া শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি। ইতিমধ্যে টোলারবাগ, গাবতলী, দারুস সালাম এলাকায় পথচারী ও খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন তিনি।

লকডাউনের প্রথম দিন থেকেই পথচারী ও ছিন্নমূল অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ইতিমধ্যে সংগঠনটির নেতাকর্মীরা দক্ষিণের প্রত্যেকটি ওয়ার্ডে বিনা মূল্যে খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ শুরু করেছেন। এছাড়া করোনা আক্রান্ত মৃতদেহ দাফন কাজেও যুবলীগ আত্মনিয়োগ করে।

করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ফের ২৪ ঘণ্টা জরুরি টেলি মেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে শতাধিক চিকিত্সক টেলিফোনে জরুরি সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার চিকিত্সকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোনো স্থান হতে প্রকাশিত নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ নেওয়া যাবে। সমন্বয় করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে সেবা কার্যক্রম। ২৪ ঘণ্টা জরুরি টেলি মেডিসিন সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। সমন্বয়ক হিসেবে সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা চিকিত্সকগণ দায়িত্বে রয়েছেন।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ বিনা মূল্যে মুমূর্ষু রোগী ও মরদেহ বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।