রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১২

শিমুল বিশ্বাস ও এ্যানী

করোনায় আক্রান্ত

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। গতকাল মঙ্গলবার তিনি জানান, হাসপাতালের চিকিত্সক জানিয়েছেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই এবং কাশিও কমছে। প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। গতকাল এক্সরে রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পাঁচ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় চিকিত্সা নিচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। গতকাল মঙ্গলবার দুপুরে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে কাশি হচ্ছিল। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এ্যানী। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।