নানা আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩২

ইত্তেফাক ডেস্ক

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সারাদেশে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন হয়েছে। র্যালি, লিফলেট বিতরণসহ নানা আয়োজনে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের  পাঠানো খবর:

বরিশাল: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে মেট্রোপলিটন ও জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকাল ১০টায় পুলিশ লাইন্স থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বীর প্রতীক মহিউদ্দিন মানিক প্রমুখ।

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমাতে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। একই সময়ে রংপুর মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ সাতদিনের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। দমদমাতে জনসচেতনতামূলক র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ইলাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা: পুলিশ লাইন্সের শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন ফটকে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন ও শাখাওয়াত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সুশীল সমাজের নেতারা র্যালিতে অংশগ্রহণ করেন। এদিকে সেবা সপ্তাহ উপলক্ষে জেলার ১৭টি থানায় পৃথক কর্মসূচি পালন করা হয়।

কুড়িগ্রাম: দুপুরে শহরের জিরো পয়েন্ট শহীদ মিনার এলাকায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মেহেদুল করিম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, রিপন কুমার মোদক, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ও ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সারোয়ার প্রমুখ। পরে সেবা সপ্তাহ উপলক্ষে নাগরিকদের সচেতন করতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন মোড়ে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর মডেল থানায় পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিলেটের রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকসহ বিভিন্ন থানার ওসিসহ পুলিশ সদস্যরা। পরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জাম সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর থানার ওসি আশিকুর রহমান, ডিআইও-১ নাজমুল আলম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে এক আলোচনা সভা হয়।

রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান প্রমুখ।

গোপালগঞ্জ: সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পৌর পার্কে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলাম খান প্রমুখ। পরে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশের সেবা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

লক্ষ্মীপুর: সদর থানা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর থানা এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাবউদ্দিন, অতিরিক্তি পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

পিরোজপুর: জেলা পুলিশের উদ্যোগে শহরের উপজেলা পরিষদ এলাকার বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কমিউনিটি পুলিশিং-এর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন প্রমুখ।

নড়াইল: পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন আহমেদ প্রমুখ।

ভোলা: পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাব্বির হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাধারণ সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।

নীলফামারী: পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে (চৌরঙ্গী মোড়) পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এরপর চালকদের বিভিন্ন বিষয়ে অবহিত করার জন্য মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নাহিদ হাচান, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

সাতক্ষীরা: শহরের খুলনা রোড মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর থানার সামনে এসে শেষ হয়।  এ সময় নেতৃত্বে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও  পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। আরো অংশগ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপ-সচিব শাহ আব্দুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ ইলতুিমশ প্রমুখ।