কুমিল্লায় ২৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩১

কুমিল্লা প্রতিনিধি

‘আসুন সবাই মাদককে না বলি’- এ স্লোগানে কুমিল্লায় বিভিন্ন ধরনের ২৫ কোটি ৩২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রবিবার কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি এসব মাদকদ্রব্য ধ্বংস করে। এর আগে কুমিল্লা বিজিবি সদর দফতরের শালবন মাল্টিপারপাস হলে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনসিসি কুমিল্লার পরিচালক লে. কর্নেল সালাহউদ্দিন মুরাদ, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রমুখ। ১০ বিজিবির অধিনায়ক জানান, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত একবছরে (জানুয়ারি থেকে ডিসেম্বর-২০১৮) অভিযান পরিচালনা করে জব্দকৃত ২৫ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, বাংলা মদ, ইয়াবা ট্যাবলেট, যৌন উত্তেজক ও বিভিন্ন অবৈধ ট্যাবলেট, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।