ইত্তেফাক রিপোর্ট
লকডাউন শুরু হওয়ার আগে আতঙ্কে শেয়ারবাজারে ধস নামলেও লকডাউন শুরু হওয়ার দুই দিনই শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। চলমান লকডাউনের প্রথম দিনের মতো গতকালও শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েছে। লেনদেন চালু রাখার পাশাপাশি মার্জিন ঋণের বিষয়েও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। মার্জিন ঋণের হার বাড়িয়ে দেওয়ায় বাজারে এখন তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, লকডাউনের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে উঠে এসেছে। আগের দিন এ সূচকটি বাড়ে ৮৮ পয়েন্ট। অর্থাত্ লকডাউনের দুই দিনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৯২ পয়েন্ট। প্রধান মূল্যসূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। আগের দিনের তুলনায় সূচকটি ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৮ পয়েন্টে উঠে এসেছে। লকডাউনের প্রথম দিনও এই সূচকটি ৪৩ পয়েন্ট বাড়ে। এ হিসাবে দুই দিনে সূচকটি বাড়ল ৮৬ পয়েন্ট।
ডিএসইর অপর সূচক ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত এই সূচকটি আগের দিন বাড়ে ১৬ পয়েন্ট। এ হিসাবে লকডাউনের দুই দিনে সূচকটি বাড়ল ৩৭ পয়েন্ট।
সূচকের বড় উত্থানের পাশাপাশি লকডাউনের দ্বিতীয় দিনে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। আর ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৩৬ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭২ কোটি ৮৫ লাখ টাকা।
বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫৭ কোটি টাকা। যা আগের কার্যদিবসের লেনদেন শেষে ছিল ৪ লাখ ৫০ হাজার ৯৩০ কোটি টাকা। অর্থাত্ একদিনেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১২৭ কোটি টাকা। আর লকডাউনের দুই দিনে ডিএসইর বাজার মূলধন বাড়ল ১৭ হাজার ৭১২ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৮৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
