আজ থেকে শুধু সিটির ভেতর গণপরিবহন চলবে অর্ধেক আসন খালি রাখতে হবে :কাদের

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৯

করোনা নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল-সন্ধ্যা গণপরিবহনসেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে।

গতকাল মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন  সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতে পারবে না। তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহনসংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে  দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান।

অন্যদিকে, ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড হতে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কটি গতকাল সকালে উদ্বোধন করেন মন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতত্পরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের অন্যতম চ্যালেঞ্জ।